৩০ অক্টোবর, ২০১৬ ২১:৪৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসময় জরিমানাও আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান।
জানা গেছে, রবিবার(৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব প্রদান করেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান। অভিযানকালে বিভিন্ন ধরনের পণ্য অবৈধভাবে প্যাকেটজাত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পলাশ ট্রেডার্স ও কলি স্টোরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও স্থানীয় রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের নজরুল ইসলাম ও নারিকলেতলা গ্রাম এলাকার আয়ারুন বেগম নামের দুই ব্যক্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, কোন প্রকার নোটিশ ছাড়াই জায়গার কাগজপত্র না দেখেই ও সময় না দিয়ে আমার বাড়ির সামনে থাকা ঘর ভেঙ্গে আমার প্রতি অবিচার করা হয়েছে। অথচ আমার বাড়ির আশ-পাশেসহ উপজেলার বিভিন্ন স্থানে অনেক বাড়িঘর ও দোকানপাট সরকারী জায়গায় থাকলেও সেসব উচ্ছেদ করা হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান জানান, অবৈধ প্যাকেটজাত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমতি ছাড়া সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করায়, তা উচ্ছেদ করা হয়েছে।
আপনার মন্তব্য