৩১ অক্টোবর, ২০১৬ ২০:১৫
“অটিস্টিক শিশুরা দেশ ও সমাজের বোঝা নয়। অটিজম কোন রোগ নয়, এটি স্নায়ুগত বা মানসিক বিকাশজনিত সমস্যা। যথাযথ যত্ন, চিকিৎসা ও প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরা পরিণত হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদে।”
সিলেট নগরীর কুমারপাড়ায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আয়োজনে অটিজম বিষয়ক কর্মশালার সমাপনীতে এমন মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, “যারা অটিস্টিক, তাদের অবহেলা না করে তাদের ভেতর যে সুপ্ত প্রতিভা বা ক্ষমতা রয়েছে; তা বিকশিত করার সুযোগ করে দিতে হবে। তাহলেই তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক বেশি শিখতে পারবে, জানতে পারবে।”
সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের মিলনায়তনে গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া অটিস্টিক, স্পিচ ডিলে, হাইপার একটিভ, ডাউন্স সিন্ড্রম, সিপি আক্রান্ত শিশুদের পরিচর্যা ও শিক্ষণ বিষয়ে অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ প্রদান কর্মশালা সোমবার বিকেলে শেষ হয়। এ কর্মশালায় মোট ৩০ জন অভিভাবক প্রশিক্ষণ গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক ও ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (টিডিআই) সমন্বয়কারী জেবুন্নাহার জেসমিন জবা এই প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সোমবার বিকেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী মিতা আবেদীন, সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, শিশু বিকাশ কেন্দ্র সিলেটের শিশু ও অটিজম বিশেষজ্ঞ ডা. শ্যামজয় দাস প্রমুখ।
আপনার মন্তব্য