০১ নভেম্বর, ২০১৬ ১৩:৫৪
সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ বলেন, ১৬ কোটি জনসংখ্যার এ দেশে মাত্র সাড়ে ১৩ লাখ মানুষ আয়কর দেন। এখনও কোটি টাকা আয়ের অনেক মানুষ কর পরিশোধ করেন না। তাদের করের আওতায় আনা উচিত। প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বহির্ভূত অন্য আয় থেকেও কর দেওয়া উচিত।
তিনি বলেন, আয়কর বিভাগকে শক্তিশালী করায় দেশের অভ্যন্তরীণ আয় বাড়ছে। পদ্মা সেতু, চারলেন সড়ক, মেট্টো রেল ও ভোলাগঞ্জ সড়কসহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। তবে, আয়কর যথাযথভাবে না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়, জিডিপিও বৃদ্ধি পাবে না।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সালেহ উদ্দিন আলী আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও সিলেট আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ।
ব্যক্তিশ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সকল বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা চলবে।
মেলায় রাখা হয়েছে ই-টিআইএন বুথ, অনুসন্ধান কেন্দ্র, নতুন করদাতাদের সহযোগিতায় হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং ব্যাংকের দু’টি বুথ। এ বছর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে।
এতদিন জাতীয় আয়কর দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করা হতো। এখন থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে নভেম্বর মাসে আয়কর মেলা আয়োজন করা হয়েছে।
সিলেট ছাড়াও ২-৫ নভেম্বর মৌলভীবাজার জেলায়, ৩-৬ নভেম্বর হবিগঞ্জ জেলায় এবং ৪-৭ নভেম্বর সুনামগঞ্জ জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে ৫টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে ২ দিন, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একদিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য