নবীগঞ্জ প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৬ ১৯:৪২

নবীগঞ্জে কুখ্যাত ডাকাত জামান গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত ছালিকুজ্জামান ওরফে নুরুজ্জামান ওরফে চাক্কু জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাক্কু জামান (৩০) কামিরাই গ্রামের সাহেব আলী পুত্র। চাক্কু জামানের বিরুদ্ধে পৃথক দু'টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জের কুখ্যাত ডাকাত চাক্কু জামান কখনও নিজের নাম বলে নুরুজ্জামান, কখনও বলে ছালিকুজ্জামান। তবে চাক্কু জামান হিসেবেই সে বেশি পরিচিত। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় একজন সদস্য। ২০১৩ সালে সিলেটের মোগলাবাজার থানায় পৃথক দু‘টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, যার মামলা নং- জিআর ৭৮/১৩ ইং এবং জিআর ৬৮/১৩ ইং।

এরপর থেকেই আত্মগোপনে ছিল চাক্কু জামান। গতকাল বৃহস্পতিবার উপজেলার কামিরাই গ্রামস্থ তার নিজ বাড়িতে আসে এবং রাতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কামিরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য

আলোচিত