নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৬ ২০:১২

পাঁচদিনেই কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

সিলেটে কর মেলা

সিলেটে আয়োজিত সপ্তাহব্যাপী কর মেলার পাঁচদিনেই লক্ষ্যমাত্রার চেয়ে অধিক কর আদায় হয়েছে। শনিবার পর্যন্ত সিলেটের চার জেলা থেকে কর আদায় হয়েছে ২৩ কোটি ৬১ লাখ ৯৫ টাকা। এবছর সিলেটে মেলা থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ২০ কোটি টাকা।

পাঁচদিনে সিলেটের চার জেলায় মোট রিটার্ন দাখিল করেছেন ২৭০২ জন। মেলায় নতুন করে ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৮৩৬ জন।

এসব তথ্য জানিয়ে সিলেটের সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, মেলায় আমরা প্রচুর সাড়া পেয়েছি। ইতোমধ্যে কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্র ও শনিবার কর কিছুটা কম আদায় হয়েছে। আশা করছি, আগামী দুদিন কর আদায়ের পরিমান আরো বাড়বে।

তিনি বলেন, আমরা আশা করছি সাতদিন শেষে মেলা থেকে ৩৫ কোটি টাকার মতো কর আদায় হবে।

শনিবার মেলার ৫ম দিন শেষে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটে পাঁচ দিনে ২৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৮১১ টাকা কর আদায় করা হয়েছে। মৌলভীবাজার জেলায় আদায় হয়েছে ২১ লাখ ৩০ হাজার ৪১২ টাকা। হবিগঞ্জ জেলায় ২২ লাখ ৩৮ হাজার ৬৬৯ টাকা ও সুনামগঞ্জ জেলা থেকে ২ লাখ ৯৫ হাজার ৫৫ টাকা আদায় হয়েছে।

বিভাগীয় নগরী সিলেটে সাতদিন মেলা চললেও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ চারদিন করে মেলা চলবে।

এছাড়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দু’দিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত