বানিয়াচং প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০১৬ ২১:১০

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ৬নং কাগাপাশা ইউনিয়নের একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। হামলায় নারীসহ আহত হয়েছেন ৫ জন।

রোববার (৬ নভেম্বর) দুপুর ১টায় কাগাপাশা কুশিয়ারা নদীর পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রেবতি রানী সরকার ও মিনা রানী সরকারকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নারায়নি সরকার, নিদানী সরকার ও সুমিত্রা রানী সরকারকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আহতরা জানান, রেবতি রানী সরকারের পরিবার কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে বসবাস করার সুবাদে গোসল, জিনিসপত্র ধোয়াসহ নিত্যদিনের বিভিন্ন কাজে নদী ব্যবহার করে আসছেন। রোববার একই এলাকার প্রভাবশালী আবু শ্যামা চৌধুরী, সুমন চৌধুরী, ইমরুল চৌধুরী, সেবুল চৌধুরী ও হিজবুল চৌধুরী এই সংখ্যালঘু পরিবারকে নদীতে গোসল করতে বাধা প্রদান করেন। তাদের দাবি, ডিসি খতিয়ানের জায়গা ভূমিহীনদের কাছ থেকে তারা কিনে নিয়েছেন। এ নিয়ে উভয় পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে রেবতি রানী সরকারের পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন চালায় প্রতিপক্ষ। পরে আশেপাশের মানুষ এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন পরপরই ওই মহলটি সংখ্যালঘু পরিবারের সাথে সামান্য বিষয় নিয়ে ঝঁগড়ায় লিপ্ত হয়। এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কোন কথা বলতে সাহস পায় না।

সংখ্যালঘু পরিবারের উপর হামলার খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেবতি রানী সরকার।

আপনার মন্তব্য

আলোচিত