০৭ নভেম্বর, ২০১৬ ১৯:৩২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠানে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক উমা চৌধুরী, পুলিশ সুপার মো. শাহ জালাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব।
সকাল সাড়ে ৯টায় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। পরে সকাল ১১টায় গণশুনানি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন এর সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. হরিপদ রায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখতে পারছি। সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। এই গণশুনানি আপনাদেরকে প্লাটর্ফম করে দিচ্ছে। সরকারী সেবা পাওয়া আপনাদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা এই গণশুনানি করছি। সামাজিকভাবে প্রশাসনকে জনগণের কাছে দায়বদ্ধ করা, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের মুল লক্ষ্য এদেশের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা যেন দুর্নীতি মুক্ত সেবা দান পায়।
পরে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সহযোগিতা করেন দুর্নীতি দমন কমিশন এর সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভীন।
গণশুনানিতে ৪০-৫০ জন বিভিন্ন ব্যক্তিরা তাদের অভিযোগ ও সমস্যা নিয়ে কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা প্রত্যেক অভিযোগগুলোর জন্য সময় নির্ধারণ করে দিয়ে সেই সব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার অঙ্গীকার করেন।
উপজেলা ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গণশুনানিতে অংশগ্রহণ করে।
গণশুনানি শেষে দুর্নীতি দমন কমিশন এর কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, এখানে যারা আছেন তাদের অফিস আছে। প্রতিমাসে আপনারা গণশুনানি করুন। আজকে যে এই এতো অভিযোগ উঠলো গণশুনানিতে তা আপনারা নিজেরাই করতে পারতেন। আমরা আজ প্রতিরোধ করার ব্যবস্থা করেছি। পরবর্তীতে আমরা দমন করতে আসবো। এখানে টিআইবি আছে, সনাক আছে, আমাদের অফিস আছে আমরা এটা মনিটরি করবো প্রতি মাসে হচ্ছে কি না। যদি না হয় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবো। আপনাদেরকে বলছি কর্মকর্তা যতো ক্ষমতাশালী লোক হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, আপনারা যারা জনগণ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিম্ন পর্যায়ের লোকদের কাছে যাবেন না। সরাসরি কর্মকর্তাদের কাছে যাবেন। কোন কর্মকর্তা আপনাকে যদি সময় না দেয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। সিলেট বিভাগের ৩৯টি উপজেলার মধ্যে শ্রীমঙ্গলকে আমরা চাই মাইলফলক হিসেবে দেখতে চাই। আজকে এই গণশুনানির মাধ্যমে একটি যাত্রা শুরু করলাম। আমরা আপনাদের সাথে আছি। আমাদের কর্মকর্তাদের প্রতি অনুরোধ নয় এটা নির্দেশ কারণ আমরা আইনের আলোকে কাজ করি। আগামীকালকে থেকে ১৫ দিনের মধ্যে আজকে যতগুলো অভিযোগ উঠেছে তার একটি ফলাফল দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ে দিবেন এবং জেলা প্রশাসককে অবহিত করবেন।
আপনার মন্তব্য