সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০১৬ ১৭:১২

সিলেটে উদীচীর ষোড়শ জেলা সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার

‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষোড়শ জেলা সম্মেলন বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উদ্বোধন হতে যাচ্ছে।

কবি নজরুল অডিটোরিয়ামস্থ মুক্তমঞ্চে ১০ ও ১১ নভেম্বর দু‘দিনব্যাপী আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী, উদীচী সিলেট এর প্রাক্তন সভাপতি এডভোকেট তবারক হোসেইন।

উদ্বোধনের পর শহরে একটি শোভাযাত্রা বের হবে এবং এরপর বিকেল ৫ টায় কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হবে উদ্বোধনী আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, এ সময়ের গুণী কথাসাহিত্যিক জাকির তালুকদার এবং উদীচী কেন্দ্রীয় সংসদ-সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান। সন্ধ্যার পর শিল্পাঙ্গন সিলেট, স্তবক আবৃত্তি চর্চাকেন্দ্র, উদীচী লাক্কাতুরা চা-বাগান এবং উদীচী সিলেট পরিবেশন করবে নৃত্য, আবৃত্তি, কাঠিনৃত্য, গণসংগীত এবং পালা ‘হুল-বিচার’।

১১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সিলেটের কবি-সাহিত্যিক-সাংবাদিক ও শিল্পী-সংস্কৃতিকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘সমকালীন বাংলাদেশ এবং সংস্কৃতিকর্মীদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা। কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ মুক্ত আলোচনায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন এ সময়ের শক্তিমান কথাসাহিত্যিক জাকির তালুকদার। বেলা ২টা থেকে শুরু হবে উদীচীর সাংগঠনিক অধিবেশন। সবশেষে সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট গণসংগীত, উদীচী ফেঞ্চুগঞ্জ গণসংগীত, উদীচী লাক্কাতুরা চাবাগান শাখা গণসংগীত, উদীচীর নবীন শিল্পীবৃন্দ লোকসংগীত এবং উদীচী সিলেট নাটক ‘ইতি উপরওয়ালা’ পরিবেশন করবে।

আপনার মন্তব্য

আলোচিত