০৮ নভেম্বর, ২০১৬ ২০:৫১
অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক সিলেট সুরমার সম্পাদক ও প্রকাশকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এ মামলা (মামলা নং সিআর-৯৭/২০১৬) করেন পরিবহণ সংস্থা সুরমা এক্সপ্রেস লি: এর চেয়ারম্যান হাজী গুলজার আহমদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধিত ২০১৩-এর ৫৭ (২) ধারা সহ বাংলাদেশ দণ্ডবিধি ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় দায়ের করা এ মামলার আসামিরা হচ্ছেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের মৃত নুনু মিয়ার পুত্র ইকবাল হোসেন মিন্টু, দৈনিক সিলেট সুরমা’র প্রতিবেদক, পত্রিকার বার্তা সম্পাদক ও পত্রিকার প্রকাশক সম্পাদক।
মামলার অভিযোগে বলা হয়, আসামি ইকবাল হোসেন মিন্টুর প্ররোচনায় প্রভাবিত হয়ে অন্যান্য আসামীরা গত ২৩ অক্টোবর দৈনিক সিলেট সুরমা পত্রিকায় এবং এর অনলাইন ভার্সন সিলেট সুরমা ডটকম-এ 'দক্ষিণ সুরমার দুই নেতার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে হাজী গুলজার আহমদ এর নাম বিকৃত করে তাকে ‘গুলজার ওরফে দুম্বা গুলজার’ বলা হয়। এছাড়াও তাকে জুয়া ও মাদক আস্তানার পরিচালক আখ্যায়িত করে তার সামাজিক মান-মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়। পাশাপাশি ব্যবসায়িকভাবেও তাকে চরম ক্ষতিগ্রস্ত করা হয়।
পরিবহন ব্যবসায়ী হাজী গুলজার আহমদ নিজেকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও সরকারের নিয়মিত করদাতা উল্লেখ করে আদালতকে জানান, এ ঘটনায় তিনি এসএমপি’র মোগলাবাজার থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে থানা পুলিশ তার মামলা নেয় নি। ফলে তিনি তার মানহানির বিচার চেয়ে আদালতে এ মামলা করেছেন।
প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি তদন্ত-ক্রমে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে এসএমপি’র মোগলাবাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। হাজী গুলজার আহমদের পক্ষে মামলা দাখিল ও শুনানি করেন এডভোকেট নাজমুল ইসলামসহ সিলেট জেলা বারের কয়েকজন আইনজীবী।
আপনার মন্তব্য