ছাতক প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০১৬ ১৮:৫২

ছাতকে ১০ টাকা কেজিতে চাল বিক্রির নতুন ডিলারের বিরুদ্ধে অভিযোগ

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের চাল বিক্রিতে নতুন ডিলারশীপ নিয়োগ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এলাকার এক বিতর্কিত ব্যক্তিকে নতুন ডিলার নিয়োগ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করায় প্রতিবাদী হয়ে উঠে এলাকাবাসী।

বুধবার (৯ নভেম্বর) চেচান গ্রামের নুরুল হকের পুত্র আনোয়ার হোসেনকে নতুন ডিলার নিয়োগ না দেয়ার জন্য স্থানীয় আবুল কাশেমসহ ২৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে। আবেদনে আনোয়ার হোসেনকে সরকারী চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়। তাকে ডিলার নিয়োগ দেয়া হলে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের চাল বিক্রি ব্যাহত হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

অনিয়ম ও দুর্নীতি অভিযোগে অক্টোবর মাসে ইউনিয়নে নিয়োগ প্রাপ্ত দু’জন ডিলারেরই ডিলারশীপ বাতিল করা হয়। পাশাপাশি অনিয়মের তদন্তকারী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনকেও দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি।

ইউনিয়নের ডিলার আব্দুল কাদির মোল্লা ও আজিজুর রহমানের ডিলারশীপ বাতিল ও তদন্ত কর্মকর্তার অব্যাহতির বিষয়টিও নিশ্চিত হলে এ ইউনিয়নে নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয় চলিত মাসের প্রথম সপ্তাহে। ইতিমধ্যেই নতুন ডিলার হিসেবে আব্দুল খালিক ও আনোয়ার হোসেনের নাম চূড়ান্ত হওয়ায় স্থানীয়রা আনোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের কাছেও পৃথক অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, দক্ষিণ খুরমা ইউনিয়নে ইতিমধ্যেই দু’জন নতুন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত