নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৬ ২২:৩৬

দু’দিনের ব্যবধানে সিলেটে এবার দোকান কর্মচারী খুন

সিলেটে এবার উদ্ধার হয়েছে এক দোকান কর্মচারীর লাশ। রোববার শহরতলীর মিরেরচক এলাকার একটি হাওর থেকে উদ্ধার করা হয় দোকান কর্মচারী শাহানুর মিয়ার লাশ। তিনি নগরীর মিরাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। তারা দীর্ঘদিন ধরে গিয়াস মিয়ার বাসায় ভাড়া থাকেন। তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নির্মাণ শ্রমিক রাজু খুনের দু’দিনের মাথায় দোকান কর্মচারীর লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে প্রকাশ্যে ও ঘর থেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

জানা যায়, গত শুক্রবার বিকালে শাহানুরের এক বন্ধু তার মোবাইলে কল করে। সঙ্গে সঙ্গে শাহানুর ঘর থেকে বেরিয়ে যান। ওই দিন তিনি ঘরে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেন। শনিবার না আসায় দোকান মালিক আবুল হোসেনের কাছে গিয়ে তার পরামর্শ চান। তিনি তাদেরকে থানায় সাধারণ ডায়রি করার জন্য বলেন। থানায় ডায়রির আগেই রোববার সকালে স্থানীয় মিরেরচক বড় হাওর এলাকায় ভেসে ওঠে শাহানুরের লাশ।

হাওরে লাশ দেখে স্থানীয় লোকজন খাদিমপাড়া ইউপি সদস্য দেলওয়ার হোসেনকে জানান। তিনি থানায় খবর দিলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে অজ্ঞাতনামা এক যুবকের লাশ। দুপুরে কয়েকজন লোক এসে শাহানুরের বাবার কাছে একটি লাশ উদ্ধার হয়েছে বলে জানালে তারা সেখানে গিয়ে শাহানুরের লাশ শনাক্ত করেন। নিহত শাহানুর মিয়া নগরীর পৌরবিপণী মার্কেটের ব্রাদার্স এন্টারপ্রাইজের দোকান কর্মচারী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এলাকার চানপুর গ্রামে। তারা প্রায় ৩০ বছর ধরে মিরাপাড়া এলাকায় থাকেন বলে তার বাবা আব্দুল করিম সকালকে জানান। তিনি জানান, একটি মোবাইল ফোন পেয়ে ঘর থেক সে বের হয়েছিল। আর গতকাল মিলল তার লাশ।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি শাহ জালাল মুন্সী বলেন, তাকে ঘর থেকে ডেকে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি খুন বলেই তার ধারণা। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত