১৪ নভেম্বর, ২০১৬ ১৭:৪০
হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ। সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। আর এই ম্যাজিকের মাধ্যমে সব রাস্তার কাজ করা হবে।
তিনি সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বনমথুরা সড়ক হইতে শরীফ উদ্দিন সড়ক ভায়া রায়েরপাড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান আরও বলেন, বানিয়াচং সদরের মোট ২৬টি ভাঙ্গাঁচোড়া রাস্তা আগামী ৬ মাসের মধ্যে মেরামত করা হবে। ভিতরের কোন রাস্তাই অপূর্ণ থাকবেনা। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সব রাস্তাই ঠিক করা হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবির মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, ঠিকাদার ইজ্জত আলী চৌধুরী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল ফজল, ইউপি সদস্য লালু মিয়া, মহিলা সদস্য হেনা আক্তার দীনাসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ।
উল্লেখ্য, সিলেট বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত রাস্তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ,২৯ হাজার,৩ শত ৭২ টাকা। রাস্তার মোট দৈর্ঘ্য ২.০০কি:মি:। রাস্তার প্রস্থ ধরা হয়েছে ২.৫০ মি:।
আপনার মন্তব্য