১৪ নভেম্বর, ২০১৬ ১৭:৪২
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের সাজাপুর দুর্গাবাড়িতে সোমবার (১৪ নভেম্বর) ভোররাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে জকিগঞ্জের উপজেলা প্রশাসন।
জকিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিভাকর দেশমূখ জানান, সোমবার ভোররাতে ওই যুবক মন্দিরে প্রবেশ করে কার্তিক ও গণেশ প্রতিমা ভাংচুর করে এবং বিদ্যুতের তার ছিড়ে ফেলে, পরে স্থানীয় এক শিশু বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানায়।
দেশমূখ বলেন, ওই যুবকটিকে দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছি, তবে প্রতিমা ভাংচুরের কারণ কি তা সে নিশ্চিত বলতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ওই ব্যক্তির আলিম উদ্দিন (৪০)। সে টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুর গ্রামের শামীম মিস্ত্রীর ছেলে।
মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার পর মন্দিরস্থল পরিদর্শন করেছেন জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরে প্রতিমা ভাংচুরকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সে সম্ভবত মন্দিরের বাল্ব খুলতে গিয়ে পড়ে গেলে প্রতিমা ভেঙে যায়। সে বর্তমানে পুলিশের কাছে আটক রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবার মতো কিছু ঘটেনি।
তিনি আরো বলেন, ওই মন্দিরটি সম্পূর্ণ উন্মুক্ত ও অরক্ষিত। ঘটনাটি ঘটার সময় ওই যুবক ছাড়া আর কেউই ছিলো না ওখানে। আমরা ইতোমধ্যে মন্দির পরিচালনা কমিটিকে বলেছি মন্দিরের নিরাপত্তায় ব্যবস্থা নিতে, আজ থেকে মন্দিরে চব্বিশ ঘন্টা নিরাপত্তা থাকবে।
আপনার মন্তব্য