নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০১৬ ১৯:৩৪

চেম্বার জাজের ‘নো অবজেকশন অর্ডার’, আরিফের মুক্তিতে আর বাধা নেই

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত‌্যায় বিস্ফোরক মামলা

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পর বিস্ফোরক মামলায়ও জামিন পান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী। এ জামিনের বিপক্ষে রাষ্ট্রপক্ষের আবেদনে এবার চেম্বার জাজ ‘নো অর্ডার অবজেকশন’ দেয়ার পর আর আরিফুলের মুক্তিতে আর কোন আনুষ্ঠানিক বাঁধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

সোমবার আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, “রবিবার সুপ্রিম কোর্টের আপিলিয়াত ডিভিশন আরিফুল হক চৌধুরীকে বিস্ফোরক মামলায় জামিনের আদেশ দিয়েছেন। এর আগে হত্যা মামলায়ও তাকে জামিন দিয়েছিলেন আদালত। তাঁর মুক্তির পথে কেবলমাত্র বাদীপক্ষের আপত্তি জানানোর যে সুযোগ ছিল, সোমবার আপিলিয়াত ডিভিশনের চেম্বার জাজ বাদীপক্ষের সে আবেদনে ’নো অবজেকশন অর্ডার’ জানিয়েছেন। এ অর্ডারের পর আরিফুল হকের মুক্তিতে আর কোন আনুষ্ঠানিক বাঁধা রইলো না”।

তিনি বলেন, এখন আপিলিয়াত ডিভিশন থেকে জামিন আদেশটি কারাগারে গেলেই আরিফুল হক চৌধুরীর কারামুক্তি ঘটবে।

রবিবার সুপ্রিম কোর্টের আপিলিয়াত ডিভিশনের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যায় দায়ের করা বিস্ফোরক মামলায় আরিফুল চৌধুরীর জামিন প্রদান করেন। মামলাটি বর্তমানে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ‌্যেরবাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ঐদিন এ হামলা ও হত্যার ঘটনায় হবিগঞ্জ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। পরে মামলার প্রথম অভিযোগপত্রে আরিফুল হক চৌধুরীর নাম না থাকলেও পরবর্তীতে ২০১১ সালের ২০ জুন আরিফুল হক সহ আরা ১৪ জনকে আসামী করে সম্পূরক চার্জশিট দেয় সিআইডি।

এ দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) জিকে গৌছ সিলেট কারাগারে কারান্তরীন রয়েছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত