বড়লেখা প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৬ ১৮:২০

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর: জাবেদ আলী

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ. জাবেদ আলী বলেছেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জেলা পরিষদ নির্বাচনটি হচ্ছে প্রথম। এটা সাধারণ নির্বাচনের মতো নয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয়। কিন্তু এখানে যারা ভোট দিবেন ও প্রার্থী হবেন প্রত্যেকের দলীয় পরিচয় রয়েছে।’

রবিবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন কমিশন অফিস ও সার্ভার স্টেশন পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা সকলেই নির্বাচিত জনপ্রতিনিধি। তাই যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা ভোটারদেরকে ভোট দিতে নিয়ে আসার জন্য নানা পথ অবলম্বন করবে। যে কারণে সংঘাত কিংবা গোলযোগের আশংকা রয়েছে। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন কমিশনকে মলিন করতে, কালিমা লেপন করতে ও সরকারের বদনাম কুড়াতে দেশি বিদেশী ষড়যন্ত্র শুরু করেছে।  

জেলা পরিষদ নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করা গেলে নির্বাচন কমিশনের বদনাম করা যাবে। সরকারের বদনাম করা যাবে। এ জন্য নানা ষড়যন্ত্র চলবে। তাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এটা মাথায় রেখে কাজ করতে হবে। যাতে নির্বাচন কমিশনের বদনাম না হয়।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ, কুলাউড়া নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল¬ুর রহমান,বড়লেখা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, বড়লেখা নির্বাচন অফিসার বাবলু সূত্রধর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত