নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০১৬ ২০:০২

দক্ষিণ সুরমায় আগুনে পুড়ে ছাই ১১টি ঘর

সিলেটের দক্ষিণ সুরমায় আগুনে পুড়ে গেছে ১১ টি ঘর। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে নগরীর ২৫ নং ওয়ার্ডের কায়স্তরাইল মাঝবাড়ি এলাকায় এ আগুনের সূত্রপাত। সিলেট ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১১ টি ঘর পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাঝপাড়া এলাকার ছামির মিয়ার ঘর থেকে আগুনের কুণ্ডলী পাকাতে দেখেন প্রতিবেশী লোকজন। কিছু বুঝে ওঠার আগেই একেএকে পুড়ে যায় সালেহ আহমদ, সিরাজ মিয়া, আনসার মিয়া, হীরা মিয়া, সুফিয়ান আহমদ, সেলিম মিয়া, শিলু মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি ঘর। সংবাদ পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী সূত্রে জানা গেছে, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ছামির মিয়ার বন্ধ ঘর থেকে আগুনের উৎপত্তি বলে তাদের ধারণা। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত