২৫ নভেম্বর, ২০১৬ ১৯:০৫
ছাতকে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতীর মৃত্যু ও একই পরিবারের শিশুসহ আরো দু’জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিচর গ্রামের সমছু মিয়ার পুত্র নাজিম উদ্দিন(১০) ও তার দাদী কাচামালা বেগম(৬৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিন সুনামগঞ্জের পাগলা গ্রামের এক নিকটাত্মীয়র মৃত্যুর খবরে দুই শিশুকে সাথে নিয়ে দাদী কাচামালা বেগম ও মা আয়শা বেগম পাগলা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে পাগলাগামী গাড়ির অপেক্ষা করছিলেন তারা। এসময় সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান(নং-সিলেট ন ১১-০০৪০) নিয়ন্ত্রন হারিয়ে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাতি নাজিম উদ্দিনের এবং কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাদী কাচামালা বেগমের মৃত্যু ঘটে।
আহত নাজিম উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন(০৪) ও তার মা আয়শা বেগম(৩২)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক গাড়ি ও চালক জকিগঞ্জ উপজেলার চুলাদাতানী গ্রামের আব্দুল করিমের পুত্র পারভেজ আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালক ও গাড়ি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য