২৭ নভেম্বর, ২০১৬ ১৭:২২
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সিলেটে এসে মাজার জিয়ারত করে গেলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী।
শুক্রবার (২৫ নভেম্বর) তিনি সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান (রা:) এর মাজার জিয়ারত করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
রোববার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তাঁর ফেসবুক টাইমলাইনে সেলিনা হায়াত আইভীর শাহজালাল (রা:) মাজার জিয়ারতের কিছু ছবি প্রকাশ করেন। তাঁর ফেসবুক টাইমলাইন থেকেই আইভির সিলেট সফরের তথ্য পাওয়া যায়।
আইভীর এই সফরের ব্যাপারে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায় নি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সুপারিশকে অগ্রাহ্য করে গত ১৮ নভেম্বর বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম কেন্দ্রের কাছে পাঠায়।
গত মেয়র নির্বাচনে আওয়ামী লীগের শামীম ওসমান বিশাল ব্যবধানে আইভীর কাছে পরাজিত হন। নির্বাচন নির্দলীয় হলেও শামীম ওসমানের পক্ষে সে সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অনেকেই প্রচারণা চালান।
আপনার মন্তব্য