২৮ নভেম্বর, ২০১৬ ১৪:৫৩
ব্রিটিশদের এদেশে বিনে পয়সায় চা পান করানোর ঘটনা এখন ইতিহাস। ব্রিটিশ আমলেই চায়ের সঙ্গে এদেশের মানুষের প্রথম পরিচয়। আজ থেকে ১৬২ বছর আগে ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয়। শুরু হয় বাণিজ্যিক চা উৎপাদন। এরপর থেকে একের পর এক চা বাগান গড়ে উঠতে থাকে।
সেই ধারাবাহিকতায় ১৮৮০ সালে শ্রীমঙ্গলেও চা বাগান প্রতিষ্ঠার জোয়ার শুরু হয়। তখন থেকেই ব্রিটিশদের শেখানো চা পানের অভ্যাস দ্রত এ অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে।
ব্রিটিশ আমলে চাকে জনপ্রিয় করে তুলতে রেলস্টেশন, লঞ্চঘাট, স্টিমার ঘাটসহ জনবহুল স্থানে বিজ্ঞাপন ফলক লিখে প্রচার শুরু করে ব্রিটিশরা। তারা এতে সফলও হয়। এসব বিজ্ঞাপন ফলক এখন স্থান পেয়েছে শ্রীমঙ্গলে স্থাপিত দেশের একমাত্র চা জাদুঘরে।
মৌলভীবাজারের নিউ সমনবাগ চা বাগানর মহা ব্যবস্হাপক মো. শাহজাহান আকন্দ জানান, সেই ব্রিটিশ আমলে দেশে যোগাযোগের মাধ্যম হিসেবে রেল ও জলপথ ব্যবহার করা হতো। তাই ব্রিটিশরা বিভিন্ন জলযানসহ রেলস্টেশন, বন্দরগুলোতে এসব বিজ্ঞাপন ফলক ব্যবহার করতো চায়ের ব্যাপক প্রসারের জন্য।
বাংলাদেশ চা বোর্ড এসব দূর্লভ বিজ্ঞাপন ফলকগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে চা জাদুঘরে নিয়ে আসে।
শ্রীমঙ্গলের টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের এক্সিকিউটিভ ইনচার্জ একেএম রফিকুল হক জানান, চা শিল্পের ইতিহাস দেড়শ বছরের পুরনো। চায়ের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখানে স্থান পেয়েছে শতাব্দী প্রাচীন চা শিল্প সংশ্লিষ্ট অর্ধশতাধিক সামগ্রী। প্রতিদিন পর্যটকরা এ জাদুঘর দেখতে এসে মুগ্ধ হন।
চা জাদুঘরকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশ চা বোর্ড ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য