বিয়ানীবাজার প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৬ ১৭:১৮

বিয়ানীবাজারে ছিনতাই, চালকসহ মাইক্রোবাস আটক

বিয়ানীবাজার পৌরশহরের ব্যস্ততম এলাকায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ইসলামী ব্যাংকের সামনে এই ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার ইসলাম উদ্দিন (৫৫) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ইসলামী ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করলে জনগণের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে টাকা নিয়ে পালিয়ে যায় ৩ ছিনতাইকারী।

স্থানীয় জনতা চালকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস আটক করে। আটককৃত গাড়ি চালক বাহুবল থানার করিমপুর গ্রামের ইউনুছ আলীর পুত্র কামাল হোসেন (৩০)।

ছিনতাইয়ের শিকার ইসলাম উদ্দিন বলেন, পুত্রকে বিদেশ পাঠানোর জন্য আমার সাথে ছিল ২ লাখ টাকা এবং ইসলামী ব্যাংক থেকে আরও ৮০ হাজার টাকা উত্তোলন করি। টাকা নিয়ে ব্যাংক থেকে নিচে নামা মাত্রই ৩ জন ছিনতাইকারী আমাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করলে আমি চিৎকার শুরু করি। এতে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরই মধ্যে ৩ জন ছিনতাইকারী আমার ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তখন জনগণ গাড়ির চালককে আটক করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ গাড়িসহ (ঢাকা মেট্রো-১২-০৭৯৫) চালকসহ আটক করেছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত