২৯ নভেম্বর, ২০১৬ ১৭:৩৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ১০ বছর আগের পুলিশবাহিনী আর এখনকার পুলিশবাহিনী এক নয়। আজকের পুলিশবাহিনী অনেক দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব। নিরাপত্তাবাহিনীর জন্য যে ব্যয় হয় সেটা ব্যয় নয়, তা বিনিয়োগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভাল না থাকে তবে ব্যবসা কিংবা উন্নয়ন সব অচল হয়ে পড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনার মাধ্যমে আইন শৃংখলাবাহিনীকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো বলেন, পুলিশের শোয়ার জায়গা নেই। তাদের ব্যারাকের স্বল্পতা রয়েছে। তারপরও তারা কাজ করছে। হলি অর্টিজান রেস্তোরাঁ, কল্যাণপুরসহ বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জীবন বাজি রেখে জঙ্গিসহ সব ধরণের সন্ত্রাসী কার্যকলাপ দমন করছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ৫ কোটি ৩৭ লাখ ব্যয়ে ৪ তলা বিশিষ্ট বড়লেখা থানার উদ্বোধনকালে থানা কম্পাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার মোল্লা মো. শাহীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এম,পি, সৈয়দা সায়রা মহসিন এম,পি, আব্দুল মতিন এম,পি, কেন্দ্রীয় আ’লীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা আ’লীগ সাধারণ নেছার আহমদ, মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।
সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। সেখানে রোহিঙ্গাদের উপর নিপীড়ন হচ্ছে। তারা বাধ্য হয়ে মাতৃভূমি ত্যাগ করছে। আসার সময় নানা বিপৎসংকুল পরিস্থিতিতে আসছে। আমরা তাদের মানবিক সহায়তা করছি। পরিস্থিতি শান্ত হলে তাদের ফেরত পাঠানো হবে।
জেলা পরিষদ নির্বাচনে টাকার খেলা চলছে এ ধরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, তা নির্বাচন কমিশন এখতিয়ারভূক্ত, তারা মনিটরিং করে ব্যবস্থা গ্রহণ করবে।
সুধী সমাবেশ শেষে বিকেলে বড়লেখা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বড়লেখা আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে সরকারের ব্যয় হবে ৬ কোটি ৩৭ লাখ টাকা।
উল্লেখ্য, ৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বড়লেখা থানা ভবনের কাজ বাস্তবায়ন করেছে।
আপনার মন্তব্য