৩০ নভেম্বর, ২০১৬ ২০:০০
সিলেটের বিশ্বনাথে ভারতীয় তীর খেলা চলাকালে পুলিশী অভিযানের সময় পালাতে গিয়ে নদীতে পড়ে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লামাকাজি ইউনিয়নের রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় তীর খেলায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ। তারা হলেন- সিলেট সদর উপজেলার খালেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ (৩২) ও জুনেদ মিয়া (২৫)।
এই ঘটনায় আরও ৬-৭ জনকে পুলিশ আটক করলেও অন্য জুয়াড়িরা পুলিশের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
এ খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত একদল পুলিশ সেখানে গিয়ে ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিপুল পরিমাণে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক এনামসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে বিশ্বনাথ থানায় ৮টি মামলার আসামি শাহিন আহমদ (৪২) সুরমা নদীতে ঝাঁপ দেন।
খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে সিলেটের ফায়ার সার্ভিসের উপ পরিচালক ড. আখতারুজ্জামানের নেতৃত্বে একদল ডুবুরি সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত ৮টার দিকে ডুবুরিরা নদী থেকে নিখোঁজ জামায়াত নেতা শাহিন আহমদের মরদেহ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় তীর খেলা বন্ধে থানা পুলিশ লামাকাজিতে অভিযানে যায়। পুলিশকে দেখে পালাতে গিয়ে বিশ্বনাথ থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী শাহিন আহমদ নদীতে ঝাঁপ দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে স্থানীয় দোকানপাট।
আপনার মন্তব্য