০৭ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩০
জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করছে। নদী ভাঙ্গনের ফলে হুমকিতে পড়েছে নদীতীরবর্তী বাড়িঘর ও স্থাপনা।
উপজেলার পাইলগাও ইউনিয়নে নদী ভাঙ্গন সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। এই ইউনিয়নের কয়েক শতাধিক পরিবার ভাঙ্গনের মুখে পড়েছেন। তাঁদের মধ্যে বেশীর ভাগই মৎসজীবী। এই ইউনিয়নের রানীগঞ্জ-পাইলগাঁও-স্বাধীন বাজার সড়কটিও ইতোমধ্যে ভাঙ্গনে হারিয়ে গেছে।
পাইলগাঁও গ্রামের বাসিন্দা মৃদুল লাল দাশ, আল-আমিন, নিরেশ দাস ও ঝলক দেবসহ কয়েকজন জানান, নদী ভাঙ্গনের কবলে পড়ে স্বর্বসান্ত হতে চলছেন তারা। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এই গ্রামবাসীদের।
সম্প্রতি কুশিয়ারা ভাঙ্গনে পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জগন্নাথপুর-ওসমানীনগর উপজেলার বেগমপুর সড়কের জালালপুর(ভাঙ্গাঁবাড়ী) নামক স্থানটি কুশিয়ারা গর্ভে চলে গিয়েছিল। এই সড়ক সাময়িক সংস্কার কাজ হলেও ফের ভাঙ্গন দেখা দিয়েছে।
এই সড়করক্ষায় দ্রুত স্থায়ী দীর্ঘমেয়াদী পদক্ষেপ না নিলে দুই উপজেলায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয় অটোরিকশা চালক চালক শাহ আল মুমিনের।
ইতোমধ্যে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, পুরানালাগদি, সৈয়দপুর, সোনাতলা, কদমতলা, হাড়গ্রাম, পাইলগাঁও, কদরপাড়া ও নয়াপাড়া গ্রামের অনেক বসতবাড়ি, মসজিদ, রাস্তাঘাট, কৃষি জমি কবরস্থান নদীতে তলিয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরো শতাধিক স্থাপনা ও কৃষি জমি।
এদিকে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ের বাগময়না, নোয়াগাঁও, আলমপুর, রৌয়াইল ও ভালিশ্রী গ্রামের বাসিন্দারাও কুশিয়ারা ভাঙ্গনের শিকার।
এই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক গোলাম সারোয়ার বলেন- ভালিশ্রী গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রৌয়াইল ও দিরাই উপজেলার একমাত্র যাতায়াত ব্যবস্থা দিন দিন নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। তাই জগন্নাথপুর ও দিরাই উপজেলার মধ্যে যান চলাচল অব্যাহত রাখতে হলে এই ভালিশ্রী গ্রামের রাস্তাটি রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য- গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনটি নদী গর্ভে সীমানা হারিয়ে যাওয়ায় স্থগিত হয়েছিল।
উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড় ফেচি বাজারও কুশিয়ারার ভাঙ্গনের মুখে পড়েছে।
নদীভাঙ্গনের ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন- এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। তবে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
আপনার মন্তব্য