০৭ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩৯
‘প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের মামলায় গীতিকার কবির বকুল সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর জোন মোহাম্মাদ শহীদুল আমিনের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত কবির বকুলের জামিন মঞ্জুর করেন।
কবির বকুল মামলায় হাজির হয়ে বলেন, এ গানটির মুল গীতিকার মামলার বাদী জবান আলীই। চলচ্চিত্রের পরিচালক তার অজান্তে এ গানটিতে তার নামে ব্যবহার করেছেন।
উল্লেখ্য, ১৩ এপ্রিল ২০১৬ তারিখে গানটির মূল গীতিকার জবান আলী তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা দায়ের করেন। মামলায় চলচ্চিত্র পরিচালক পি এ কাজল ও কবির বকুল বিরুদ্ধে সমন জারি পর আদালতে হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।
মামলা তথ্য বিবরণী থেকে জানা যায় যে, বাউল জবান আলীর রচয়িত গানটি ‘প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার রোদেলা দুপুর এ্যালবামে গেয়েছিলেন। এছাড়াও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল এই গান। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল মার্কেট থেকে সংগ্রহ করে তার পরিচালিত একটি ছবি 'পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ' এ গীতিকার কবির বকুল গানটি মূল গীতিকার বাউল জবান আলীর অনুমতি না নিয়ে গানের অনেক শব্দ পরিবর্তন করে নিজের নাম লাগিয়ে ব্যবহার করে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করা হয়।
আপনার মন্তব্য