০৭ ডিসেম্বর, ২০১৬ ২৩:১২
সিলেট নগরীর ঘাসিটুলায় জালিয়াতির মাধ্যমে সরকারি ভূমি দখলের মামলায় একজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ ডিসেম্বর) উক্ত মামলায় আদালতে হাজিরা দিতে এলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু।
গ্রেপ্তার আসামির নাম বাবুল মিয়া (৫৫)। তিনি ঘাসিটুলার মৃত নুর মিয়ার ছেলে।
একই মামলায় হাজিরা দিতে আসা বাবুল মিয়ার চার ছেলেকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন- সোহেল আহমদ (৩৫), শহীদ (৩৩), শাহেদ (৩০) ও ছায়েম (২৮)।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত বাবুল মিয়া ও তার ছেলেরা স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঘাসিটুলার সরকারি ভূমি ও স্থানীয় আবুল কালামের মালিকানাধীন কিছু জায়গাসহ মোট ৬৭ শতক ভূমি নিজেদের নামে করে নেন। পরে আবুল কালাম বাদী হয়ে গত ৩০ নভেম্বর সিলেট কোতোয়ালী থানায় বাবুল মিয়া ও তাঁর চার ছেলেকে আসাম করে একটি মামলা দায়ের করেন। এই মামলার শুনানিতে আসলে বুধবার আসামিদের মধ্যে বাবুল মিয়াকে কারাগারে পাঠান আদালত। আর অন্য অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়।
মামলার বাদী আবুল কালাম বলেন, "মামলার আসামি বাবুল মিয়া ও তার ছেলেরা ভুমিখেকো ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।"
আপনার মন্তব্য