১৪ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৩
সিলেট জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা জিয়াউদ্দিন আহমদ লালা উন্নয়ন ও পরিবর্তনের রুপরেখা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে নিরাপদ, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সিলেট গঠন ও পূণ্যভূমি সিলেটের ঐতিহ্য পুন:প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে ওই প্রতিশ্রতি দেন। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহারও ঘোষনা করেন।
১৯৭২ সালের বৃহত্তর সিলেটের ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী জিয়াউদ্দিন আহমদ লালা বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে উন্নয়ন পরিকল্পনারও পরিবর্তন হয়। যা একেবারেরই কাম্য হতে পারেনা। উন্নয়ন পরিকল্পনা যাতে পরিবর্তন না হয় সেজন্য বর্তমান সরকার জেলা পরিষদ নির্বাচনকে নির্দলীয় করেছে। তিনি নির্বাচিত হলে নিরপেক্ষ এবং সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন উল্লেখ করে বলেন, জেলা পরিষদের কোনো সম্পদ ইজারা দেওয়া হবে না। সম্পদ কাজে লাগানো হবে।
লালা তার নির্বাচনী ইশতেহারে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা, পরিবেশ রক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, বিনোদন ও কর্মসংস্থান সৃষ্টি এবং এর বিভিন্ন উদ্যোগের আয়ের উৎস তুলে ধরেন। তিনি বলেন, সবাইকে নিয়ে নিরাপদ, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সিলেট নির্মাণ করতে চাই। জঙ্গী, সংন্ত্রাসমুক্ত এবং বেকারত্বমূলক সিলেট গড়তে আমি বদ্ধ পরিকর। বায়ু বিদ্যুৎ, জল বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ উৎপাদন করে সিলেটের বিদ্যুতখাতকে স্বনির্ভর করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন ও খাল-বিল ও নদীকে নৌ-রুট হিসেবে সারা বছর ব্যবহার উপযোগী করাসহ সিলেটের যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নতি সাধন করা হবে। গ্রাম পর্যায়ে গ্রামের গণ্যমান্য ব্যাক্তি ও স্থানীয় প্রশান এবং জনপ্রতিনিধিদের নিয়ে আধুনিক কমিউনিটি পুলিশ ব্যবস্থা চালু করা হবে।
জিয়াউদ্দিন লালা বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে মা ও শিশু স্বাস্থ্যের পরিচর্চার জন্য প্রয়োজনীয় মাঠকর্মী ও বিনামুল্যে ঐষধ বিতরণ করা হবে। পরিবেশ বিনষ্টকারী বর্জ্য রিসাইক্লিনিং করে পুনরায় ব্যবহার উপযোগী করা এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি বিশুদ্ধ করে সরবরাহ করা হবে। এছাড়া লালা সিলেটের বিভিন্ন স্থানকে পর্যটন করে হোটেল নির্মাণ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে শিল্পকারখানা নির্মাণ ও জনপ্রতিনিধিদের জন্য এমপি হোস্টেলের আদলে দুটি হোস্টেল নির্মাণ এবং তাদের সম্মানী বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রতি দেন।
এক প্রশ্নের জবাবে লালা জানান, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নয়, স্বতন্ত্র প্রার্থী। তিনি বিশ্বাস করেন, নির্বাচকমন্ডলী সচেতন লোক। তারা আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন। কারণ তার পরিকল্পনার সাথে ভোটাররা একমত হবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জুলকারনাইন জায়গীরদার, প্রচার কমিটির তেরাজ উদ্দিন নাজিম, শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম আনা, সওকত আলী, লবিদ আহমদ, তাহসিন আহমদ দিপু প্রমুখ।
আপনার মন্তব্য