মাধবপুর প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩৯

মাধবপুরে রেলে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে রেলে কাটা পড়ে পৃথক দুটি স্থানে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলার অদূরে পরমানন্দপুর নামক স্থানে ট্রেনে কাটা অজ্ঞাতনামা (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ওই স্থানে এক নারীর মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপরদিকে বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া রেল ষ্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছেন জুয়েল (২৭) নামে এক ব্যক্তি। নিহত জুয়েল উপজেলার ইটাখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, রাতে ও সকালে ট্রেনে কাটা পড়ে এ দুটি নিহতের ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত