১৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩৮
যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন, জামায়াত নিষিদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের নির্মূলের অঙ্গীকার নিয়ে সারা দেশের ন্যায় বানিয়াচংয়েও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় ২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন নিজস্ব ব্যানারে আলাদা কর্মসূচী পালন করেছে।
রাত ১২টা ১ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বড়বাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের দলীয় ব্যানারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউট, গার্লস গাইড, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা, পুলিশের সমন্বয়ে উপজেলা পরিষদের মাঠে শরীরচর্চা, কুচকাওয়াজ, অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, ওসি অমূল্য কুমার চৌধুরী ও কমান্ডার আব্দুল খালেক। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আালোচনা সভা ও উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন,রাজীব ভট্টাচার্য, জাহাঙ্গির আলম সুমন, জাবির আহমেদ,অনন্ত জলিল,শান্তা দেবসহ বানিয়াচংয়ের খ্যাতিমান শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ,প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল,সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনের বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন ব্যবসায়ী নেতারা। সন্ধ্যায় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান আরজু। খেলাধুলায় সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী সমিতির প্রচার ও ক্রীড়া সম্পাদক শাহজাহান মিয়া ও ব্যবসায়ী এম শফিউর রহমান।
এ দিকে বানিয়াচং সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজ, জনাব আলী ডিগ্রি কলেজ, আইডিয়েল কলেজ, আমবাগান উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, মহারত্ন এসইএসডিপি উচ্চ বিদ্যালয় মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
আপনার মন্তব্য