১৯ ডিসেম্বর, ২০১৬ ০১:০০
সিলেটে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া উৎসবের উদ্বোধন ২০ ডিসেম্বর মঙ্গলবার। ওই দিন বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এক দশক ধরে চলে আসা এ উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে প্রায় এক সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ এর আয়োজনে এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উৎসব সফলে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়।
বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, মুক্তিযোদ্ধের ইতিহাস জানার প্রয়াসে এ বইপড়া উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সঞ্চার হয়েছে। তিনি জানান, এ বছর থেকে প্রথমবারের মতো স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা বইপড়া উৎসবে অংশ নিচ্ছেন।
বইপড়া উৎসবের আরেক উদ্যোক্তা ও ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ জানান, বইপড়া উৎসব শিক্ষার্থীদের কাছে এখন ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন এ উৎসবের মাধ্যমে একদিকে মুক্তিযোদ্ধের ইতিহাস জানা অন্যদিকে হারানো পাঠভ্যাস ফিরে পেতে কাজ করছে।
‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে। উৎসবটি ইতিমধ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য