১৯ ডিসেম্বর, ২০১৬ ১৩:২৪
সিলেটের কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি থেকে জামাল উদ্দিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উৎমাছড়া পাথর কোয়ারি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যার পর মরদেহ উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকাল ৯টার দিকে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য