১৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৮
যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানা। সিলেট হয়ে ঢাকা যাবে তাকে বহনকারী বিমানটি। সিলেট ওসমানী বিমানবন্দরে ঘন্টাখানেক যাত্রাবিরতিও করবেন প্রধানমন্ত্রীর ছোট বোন।
এই খবরে সোমবার সকাল থেকে সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতারা আর প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জড়ো হয়েছিলেন ওসমানী বিমানবন্দরে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষমান ছিলেন তারা। তবে বিফলে গেলো তাদের এই অপেক্ষা। দেখা পাননি শেখ রেহানার।
জানা যায়, যথারীতি বেলা ১২ টায় শেখ রেহানাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-০০২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় একঘন্টা বিমানটি ওসমানীতে ছিলো। দুপুর ১টার দিকে ওসমানী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বিমানটি। তবে এই একঘন্টায় একটিবারের জন্যও বিমান থেকে নামেন নি শেখ রেহানা। একারণে দলীয় নেতা আর প্রশাসনের কর্তা দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা পাননি তাঁর।
দুপুর ১টায় শেখ রেহানাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দ্যেশে চলে যাবার পর বিমানবন্দর থেকে চলে আসেন তাঁরা।
শেখ রেহানার যাত্রাবিরতির খবরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ।
এছাড়া, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারাও সেখানে ছুটে যান।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘আমরা ওসমানী বিমানবন্দরে গিয়েছিলাম। তবে শেখ রেহানার সাথে আমাদের দেখা হয়নি। তিনি বিমান থেকে নামেননি।’
তবে শেখ রেহানা কেনো বিমান থেকে নামেন নি তা নিশ্চিত করে জানা গেলেও নিরাপত্তাজনিত কারণে এমনটি হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
আপনার মন্তব্য