২০ ডিসেম্বর, ২০১৬ ২০:৪৪
হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে সংঘটিত দুটি দুর্ঘটনায় নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে সাবাজ মিয়া (১৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের মো. নবীব আলীর ছেলে মো. তাহির আলী (৩০)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ১০টায় চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে মাটি বোঝাই পাওয়ার টিলার (ট্রাক্টর) এর চাপায় সাবাজ মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটিকে আটক করে নিহতদের দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী।
এদিকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদরের শহরতলীর ধুলিয়াখালে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী মো. তাহির আলী। রাতে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।
আপনার মন্তব্য