২০ ডিসেম্বর, ২০১৬ ২০:৫০
সিলেটের 'সুন্দরবন' নামে খ্যাত দেশের একমাত্র জলাবন রাতারগুল পর্যটকদের অন্যতম আর্কষণ। হিজল-করচসহ বিভিন্ন প্রজাতির গাছ এবং বন্যপ্রাণীর আবাসস্থল এই বনটি প্রাকৃতিক সম্পদ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে বিধায় ২০১৫ সালের ৩১ মে বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক এটিকে ‘বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়।
এই বনটি সংরক্ষণে স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে বন বিভাগকে সহযোগিতা করছে বেসরকারী সংস্থা সিএসআরএস কর্তৃক বাস্তবায়নাধীন ইউএসআইডি’র 'ক্রেল' প্রকল্প। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২০ ডিসেম্বর) 'ক্রেল' প্রকল্পের সহযোগীতায় এবং বন বিভাগের আয়োজনে রাতারগুল ‘বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা’ ব্যবস্থাপনার নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনবলে সহ-ব্যবস্থাপনা কাউন্সিল এবং সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ মতিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ বন বিভাগ, ক্রেল প্রকল্প প্রতিনিধি ও স্থানীয় জনগণ।
সভার মাধ্যমে স্থানীয় জনগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তি এবং সরকারী কর্তকর্তাদের অংশগ্রহণে রাতারগুল বিশেষ জীব-বৈচিত্র সংরক্ষণ, এলাকা সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট কাউন্সিল এবং ঊনিশ সদস্য বিশিষ্ট সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে মাহবুবুল আলম, সহ-সভাপতি হিসাবে এডভোকেট শাহজাহান সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ হিসাবে ফখর উদ্দিন মেম্বার সর্বসম্মতিক্রমে মনোনীত হন।
সভায় বক্তারা বলেন, এই সভার মাধ্যমে সরকার ঘোষিত প্রজ্ঞাপনবলে রাতারগুল সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলো।
আপনার মন্তব্য