২১ ডিসেম্বর, ২০১৬ ১৯:১৯
‘ঋণখেলাপির দায়ে নিলামে উঠছে সিলেটের আলোচিত প্রবাসী ব্যবসায়ী, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের সম্পত্তি-’ এই শিরোনামে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ন অসত্য হিসেবে উল্লেখপূর্বক এই সংবাদের সাথে ভিন্নমত পোষন করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মোহাম্মদ মাহতাবুর রহমান আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ শাব্বির আহমদ স্বাক্ষরিত এই ব্যাখ্যায় উল্লেখ করা হয়, মোহাম্মদ মাহতাবুর রহমানের সম্পত্তি নিলামে উঠার কোন নূন্যতম কারণ উদ্ভব হয়নি।
গত ২৭ নভেম্বর ২০১৬ ‘প্রথম আলো’তে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে কেবলমাত্র ইউনাইটেড এয়ারওয়েজের বন্ধককৃত উড়োজাহাজ এবং গাড়ি নিলাম আহবান করা হয়। এক্ষেত্রে মাহতাবুর রহমানের ব্যক্তিগত সম্পদ নিলাম বিষয়ক প্রচারিত সংবাদটি সম্পূর্ন অবান্তর, অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্যপ্রনোদিত বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।
শাব্বির আহমদ উল্লেখ করেন, মোহাম্মদ মাহতাবুর রহমান ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ হতে ২০১৫ সালের ৪ জুলাই পদত্যাগ করেন, যা একই বৎসরের ১৭ নভেম্বর তারিখে অনুষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজের বোর্ড সভায় গৃহিত হয় এবং কোম্পানীর কোন আর্থিক দায়ের সাথে মাহতাবুর রহমানের সম্পৃক্ততা নেই-এই মর্মে ইউনাইটেড এয়ারওয়েজের পক্ষ থেকে ওই বছরের ১৭ ডিসেম্বর একটি সার্টিফিকেটও প্রদান করা হয়।
আল হারামাইন কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, মোহাম্মদ মাহতাবুর রহমান বাংলাদেশের কোন ব্যাংক, এমনকি পৃথিবীর কোন দেশের ব্যাংক থেকে কোনদিন ঋন গ্রহন করেননি। মোহাম্মদ মাহতাবুর রহমান সবসময় বৈধ পথে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের সবচেয়ে বড় উৎসাহদাতা এবং বাংলাদেশে তাঁর এবং তাঁর পরিবারের বিনিয়োগের অর্থও বৈধ চ্যানেলে প্রেরণ করার মাধ্যমে তিনি সবাইকে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন। তাঁর এই কাজের ফলশ্রুতিতেই মাহতাবুর রহমান ২০১৩ ও ২০১৪ এবং সর্বশেষ ২০১৫ সালে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।
তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ মাহতাবুর রহমান টানা চতুর্থবারের মতো (২০১৫-১৬) সিআইপি নির্বাচিত হয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য : এ সংক্রান্ত একটি সংবাদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এও প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া প্রদত্ত নিলাম বিজ্ঞপ্তিতে যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে জনাব মাহতাবুর রহমান নাসিরের নামও ছিলো। তিনি ইউনাইটেড এয়ারওয়েজের নামে খেলাপীকৃত ঋণের একজন জামিনদার।
ইউনাইটেড এয়ারওয়েজের নামে ব্যাংকে বন্ধকীকৃত সম্পত্তির বিপরীতেই নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
এই প্রতিবেদন প্রকাশের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই।
আপনার মন্তব্য