২২ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৭
নগরীতে চুরি হওয়া অটোরিকশাসহ জনতার হাতে এক ভুয়া পুলিশ আটক হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মুন্সিপাড়ার কাছে মধুশহীদ মাজারের সামনে থেকে ওই ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়।
আটককৃত ভুয়া পুলিশ সদস্যটির নাম খোকন দাস (২৮)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মাখন দাসের ছেলে। বর্তমানে সে কুমারগাও এলাকায় বসবাস করছিল।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ। তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম তকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছেন। এখন সে কতোয়ালী থানায় আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, টুকেরবাজার থেকে বেলা ২টায় অটোরিকশাচালক দিলোয়ার হোসেনকে (২২) ঘন্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে সিলেট শহরে নিয়ে আসেন খোকন দাস। এসময় অটোরিকশাচালক বলেন ‘আমার অটোরিকশা দেখতে পেলে পুলিশ ধরে নিয়ে যাবে।’ অটোরিকশাচালক এমন কথা বললে খোকন নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেন। পরে সিলেট নগরীর মুন্সিপাড়ায় আসার পর খোকন রিকশাচালককে রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পাঠান। আর ওই সুযোগেই খোকন রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় রিকশাচালক দেখতে পেয়ে চিৎকার করে, পরে স্থানীয় জনতারা শুনতে পেয়ে ধাওয়া করে খোকন দাসকে আটক করে।
এ খবর পেয়ে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া পুলিশ খোকনকে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় স্থানীয়দের অনুরোধে অটোরিকশাচালককে রিকশাসহ ছেড়ে দেওয়া হয়।
আপনার মন্তব্য