২২ ডিসেম্বর, ২০১৬ ২০:৪৫
বৃহস্পতিবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ব্লক, বাটিক ও স্ক্রীন প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর জিএম মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক এর জিএম বলেন, বাংলাদেশের নারীরা অনেক উদ্যোমী। বিশেষ করে এসএমই খাতে নারীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। সরকারও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের নারী উদ্যোক্তাদের অর্থায়নে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র এবং যুক্তিসঙ্গত হারে ঋণের আবেদন করলে যেকোন ব্যাংকই ঋণ দিতে বাধ্য।
তিনি আরো বলেন, এসএমই খাতে উন্নতি করতে হলে ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় পুঁজি। সঠিক প্রশিক্ষণ, দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারলে যেকোন উদ্যোগ অবশ্যই সফল হবে। তিনি সিলেটের এসএমই উদ্যোক্তাদের ঋণের ব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিলেট চেম্বারের সহকারী সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী বলেন, এসএমই খাতে উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ সিলেটের নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে অনেকগুলো প্রশিক্ষণ কর্মশালা সিলেট চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। তিনি এসব প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ রাকিব উদ্দিন খান, সিলেট চেম্বারের পরিচালক ও এসএমই সাব কমিটির আহবায়ক মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ লায়েছ উদ্দিন, মুকির হোসেন চৌধুরী, প্রশিক্ষণার্থী আবুল কাশেম রুমন, মাধুরী গুন ও দোলনচাঁপা।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম হারুন উর রশীদ, তৈয়বুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের এসএভিপি ও ব্যবস্থাপক খন্দকার গোলাম মৌলা, সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান ও প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য