২৩ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৮
সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন এলাকায় বসবাসকারী নিখোঁজ মা ও মেয়ের খোঁজ মেলেনি ৫ দিনেও। বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
নিখোঁজ মেহেরুন নেছা (৩৬) ও মেয়ে লুৎফা বেগম (৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথের পশ্চিম চানসির কাপন এলাকায় বসবাস করছেন। নিখোঁজের ঘটনায় বুধবার বিশ্বনাথ থানায় জিডি (নং ৮৪৪) করেছেন জহুরুল ইসলাম।
জিডিতে উল্লেখ করা হয়, মেহেরুন নেছা তার ছোট মেয়েকে নিয়ে গত ১৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিশ্বনাথ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। ডাক্তার দেখানো শেষে বাড়ি না আসায় ওইদিন বিকাল ৩ টার দিকে স্ত্রীর মোবাইল ফোন করেন স্বামী জহুরুল ইসলাম। কিন্তু ফোনটি রিসিভ না করে কেটে দেওয়া হয়। তিনবার কল করার পর মোবাইল বন্ধ হয়ে যায়।
জহুরুল ইসলাম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্ত্রী সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এমনকি আত্মীয় স্বজন, শ্বশুর বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেছি। কেউ তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৪৩৬২৬৯০১ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জহুরুল।
আপনার মন্তব্য