২৩ ডিসেম্বর, ২০১৬ ২২:৫০
জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত প্রফেসর এমিরেটাস ড. একে আব্দুল মোমেন আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ লুৎফুর রহমানের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন সার্বিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানের বিজয় নিশ্চিত করতে হবে। এতে দেশের উন্নয়ন-সমৃদ্ধির গতিধারা আরো বেগবান হবে।
ড. মোমেন বলেন, লুৎফুর রহমান ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত একজন সৎ, নির্ভিক ও সরল মানুষ হিসেবে খ্যাতি পেয়ে আসছেন। দেশপ্রেমকে বুকে ধারণ করে সকল সময় লোভ ও লালসার উর্ধ্বে ছিলেন। তাকে নির্বাচিত করলে এ অঞ্চলের মানুষ কোনক্ষেত্রেই ঠকবেন না।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে তার বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মীসহ দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ড. মোমেন নারায়নগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভি’র ঐতিহাসিক বিজয়ের কথা উল্লেখ করে বলেন, বিজয়ের মাসে আইভির বিজয়ের মধ্য দিয়ে বিজয়ের যাত্রা শুরু হয়েছে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা আরো তরান্বিত করতে আগামী ২৮ তারিখের জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা লুৎফুর রহমানের আনারস মার্কায় ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের পরিচালনায় কর্মী সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, আব্দুল মুমিন চৌধুরী, মোহাম্মদ আলী দুলাল, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট রনজিত সরকার, নুরুল আমীন, বুরহান উদ্দিন আহমদ, সাইফুল আলম রুহেল, ডা. আরমান আহমদ শিপলু, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জাবেদ সিরাজ, মোবাশ্বির আলী, আব্দুল লতিফ রিপন, রাহাত তরফদার, এম রায়হান চৌধুরী, শামীম আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য