২৫ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৯
সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সুনামগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন ৪ জন। এর মধ্যে দুইজন জেলা আওয়ামী লীগের হেভিওয়েট নেতা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। এনামুল কবির ইমন দলের সমর্থন পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নূরুল হুদা মুকুট। অন্য দুই প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আহবাব চৌধুরী ও চঞ্চলা দাস।
তবে সুনামগঞ্জ জেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪ জন হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। আওয়ামী লীগের ভোট দুই ভাগে ভাগ হলেও বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় বিএনপি সমর্থক ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন বলে জানা গেছে।
এ নির্বাচনে সুনামগঞ্জে ১২১৫টি ভোটের মধ্যে বিএনপি সমর্থক ভোটার বা জনপ্রতিনিধি রয়েছেন প্রায় ৪০০ জন। আবার কেউ কেউ রয়েছেন স্বতন্ত্র জনপ্রতিনিধি।
এ কারণেই আওয়ামী লীগ সমর্থক জনপ্রতিনিধিদের পাশাপাশি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বিএনপি সমর্থক জনপ্রতিনিধিদের ভোটের প্রতি। তাদের নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোট দেয়ার কোন বাধ্য বাধকতা নেই বিএনপি সমর্থক জনপ্রতিনিধিদের। তাই তাদের ভোটেই জয় পরাজয় নির্ধারিত হবে এ নির্বাচনের। তাই তারা কাকে চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন সেটি দেখার পালা। তবে তারা এখন ভোট দেয়ার ব্যাপারে কৌশলী অবস্থান নিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী এনামুল কবীর ইমন ও নূরুল হুদা মুকুট দুজনেই দাবি জয়ের ব্যাপারে তারা শত ভাগ আশাবাদী। এরই মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।
গণসংযোগ ও প্রচারণায় রয়েছে তাদের সবর উপস্থিতি। আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমনের পক্ষে প্রচারণা চালাচ্ছে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল ও দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া সহ অনেক নেতাকর্মীরা।
এদিকে নূরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জের পৌর মেয়র আয়ূব বখত জগলুল এবং ছাতকের পৌর মেয়র আবুল কালাম সহ অনেকেই।
জেলা পরিষদ নির্বাচনে ভোটার ও সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন, আমরা চাই অবেহেলিত সুনামগঞ্জ জেলার উন্নয়ন হোক। যে সৎ, যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন তাকেই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যেই ভোটাধিকার প্রয়োগ করব।
বিএনপির জনপ্রতিনিধিরা এ নির্বাচনে কোন ধরনের ভূমিকা নেবেন এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের কাছে জানতে চাইলে তিনি জানান, এ নির্বাচনে দলের কোন প্রকার সম্পৃক্ততা নেই। দল চেয়ে ছিল যে জনগণের অংশগ্রহণে এ নির্বাচন হোক কিন্তু সেটি হয় নি। জেলা পরিষদ নির্বাচন নিয়ে আমরা কোন প্রকার চিন্তা করছি না।
চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট জানান, আমি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী। আমার সাথে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সহ দলের নেতাকর্মীরা। এ ছাড়াও আমার জন্য সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দলের বাইরের জনপ্রতিনিধিরাও আমাকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেছেন।
ব্যারিস্টার এনামুল কবির ইমন জানান, আমি সব ভোটারদের কাছে যাচ্ছি। ভাল সারা পাচ্ছি সবার কাছ থেকে। মানুষ উন্নয়ন চায় তাই কে বেশি কাজ করতে পারবেন সেটি সব দলের জনপ্রতিনিধিরা ভাল করে জানেন। জনপ্রতিনিধিরা অনেক যোগ্যতা সম্পন্ন লোক তাই আমি মনে করি উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিবে। তাই আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
আপনার মন্তব্য