শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৩

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতি, শত ভরি স্বর্ণ লুট

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ নেতা আবু শহীদ আব্দুল্লাহর বাসার গ্রিল কেটে এক’শ ভরি স্বর্ণের গহনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

রোববার রাত সাড়ে ৩টার দিকে শহরতলির বারিধারা আবাসিক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, আবু শহীদ আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের দপ্তর উপ-সম্পাদক এবং এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী।

আওয়ামী লীগ নেতা আবু শহীদ আব্দুল্লাহ জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এর পর তারা আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি ওজনের স্বর্ণের গয়না ও দেড় লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মালপত্র উদ্ধার ও ডাকাতদের ধরার জন্য তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত