২৬ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৯
হাওর-বাঁওড় ও জলাশয়ের দখল ও দূষণ রোধে কোন ছাড় দেয়া হবে না। পাশাপাশি এই অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
সোমবার (২৬ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘হাওরের জীবন: উন্নয়ন ভাবনায় গণমাধ্যমের অংশগ্রহণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান মাধ্যম। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা দিয়েছে উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট-এএলআরডি। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ২১ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নিয়েছেন।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক আরো বলেন, এখন থেকে জাফলং এ আর কোন পাথর উত্তোলন করতে দেয়া হবে না। ঐ এলাকার স্টোন ক্র্যাশারগুলো জব্দ করা হচ্ছে। আশা করা যায়, এর ফলে জাফলং এর পরিবেশ রক্ষা পাবে। বাড়বে পর্যটকের সংখ্যা।
কর্মশালায় আরো অংশ নেন টিভি ব্যক্তিত্ব, সময় টিভির পরিচালক ও মাধ্যমের সম্পাদক তুষার আবদুল্লাহ। তিনি বলেন, সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা সাংবাদিকতার ধরণকে পাল্টে দিচ্ছে প্রতিনিয়ত। তাই সাংবাদিকদের আরো বেশী সুযোগ তৈরি হয়েছে জনগণের পক্ষে কথা বলার। সেই সুযোগকে কাজে লাগিয়ে হাওরের পিছিয়ে পড়া মানুষের জীবন-মান উন্নয়নে সাংবাদিকদের কাজ করার আহবান জানান তিনি।
কর্মশালায় অংশ নিয়ে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, হাওড় অঞ্চলে মানুষের উন্নয়নের জন্য সরকারে নীতি সহায়তা প্রয়োজন। শুধু তাই নয় দীর্ঘসময় ধরে দেশের অর্থমন্ত্রীর পদ অলংকৃত করে আছেন এই অঞ্চলের মানুষ। তারপরও হাওর অঞ্চলের উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ অনেক কম। এই বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। হাওর অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের আরো বেশী সক্রিয় হবার আহবান জানান তিনি।
কর্মশালায় আরো অংশ নেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক জহির বিন আলম।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। কর্মশালাটি সঞ্চালনা করেন মাধ্যমের সমন্বয়কারী তোফায়েল আহম্মাদ।
আপনার মন্তব্য