২৬ ডিসেম্বর, ২০১৬ ১৯:৪১
মাধবপুরে পানিতে ডুবে নিহত ঢাকা ন্যাশনাল পলিটেকনিক্যালের ছাত্র মাহি রহমানের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে মাধবপুর থানা পুলিশ নিহতের বড় ভাই জসিম উদ্দিনের কাছে লাশ হস্তান্তর করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ এর সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে এই ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার বুলা ইউনিয়নের বাণেশ্বর গ্রামের বাসিন্দা এফএল গ্রুপের মালিক ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা শুক্রবার (২৩ ডিসেম্বর) তার ৪ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মাধবপুর বেড়াতে আসেন। সাতছড়ি জাতীয় উদ্যান সহ বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান তিনি বন্ধুদের। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রানা তার ৪ বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে যায়। সেখানে বন্ধুরা মিলে সাতার কাটেন। ৩ জন সাতার কেটে পুকুরের তীরে উঠলেও কক্সবাজার জেলার কলাতলির মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে ঢাকার ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহি রহমান পুকুরের মধ্যে তলিয়ে যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মী ঘটনাস্থলে এসে মাহিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আপনার মন্তব্য