২৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৬
জেলা পরিষদ নির্বাচনে সিলেটের মদন মোহন কলেজ কেন্দ্রে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান। তিনি আনারস প্রতীকে ৭৭টি ভোট পেয়ে জয়লাভ করেন। ফলাফল প্রকাশের পরপরই কেন্দ্র থেকে বিজয় মিছিল বের করেন লুৎফুর রহমানের কর্মী-সমর্থকরা।
মদন মোহন কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১০৪। এর মধ্যে ভোট প্রদান করেছেন মোট ১০৩ জন ভোটার। ১ জন ভোটার ছিলেন অনুপস্থিত।
ওই কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীক নিয়ে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার পেয়েছেন ১৬টি ভোট, ঘোড়া প্রতীক নিয়ে সাবেক আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লালা পেয়েছেন ১০ ভোট। অপর প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জাপা নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) কোনো ভোট পাননি।
আর নারী সদস্য প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন বই প্রতীকের প্রার্থী আমাতুজ জোহরা রওশন জেবীন। ফল ঘোষণার পরপরই কেন্দ্র থেকে বিজয় মিছিল বের করেন তাঁর কর্মী-সমর্থকরা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিলেটের মদন মোহন কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টার দিকে ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনার কাজ। এরপর দুপুর আড়াইটায় ঘোষণা করা হয় কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল।
আপনার মন্তব্য