২৮ ডিসেম্বর, ২০১৬ ২০:২৯
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মৈত্রী উৎসবকে কেন্দ্র করে বিশাল আকৃতির মঞ্চ তৈরিসহ প্রস্তুতিমূলক সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন আয়োজকরা। ভারত থেকে আগত মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীদের রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করা হয়েছে পাঁচ তারকা হোটেলে।
২৯ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিন্হা। ওই দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরার বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়, মণিপুরের বাণিজ্যমন্ত্রী শ্রী কন্তুজাম কবিন্দাস, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা প্রমুখ।
দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ইকোনোমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, কবি পায়েলী ধর, বি চিন্ময়ী বিশ্বাস, কবি সৈয়দ আল ফারুক, উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ দুই দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
৩ দিনব্যাপী এই উৎসব ও ব্যবসায়ী সম্মেলনে শ্রীহট্ট ইকোনোমিক জোন, চা শিল্প, রাবার শিল্প ও পর্যটন শিল্প ইত্যাদি সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দুই দেশের জনপ্রিয় শিল্পীরা।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন জানান, উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হবে।
আগত অতিথিদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ শাহ জালাল।
আপনার মন্তব্য