নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০১৬ ২১:৪৮

বালাগঞ্জের ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটের বালাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের বিচারক মো: নজরুল ইসলামের আদালতে এই মামলাটি দায়ের করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতিকুল হায়দার। মামলা নং- বালাগঞ্জ সিআর ৯২/১৬। মামলায় ইউএনও এটিএম আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনহার মিয়াকে আসামী করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে বালাগঞ্জ থানার ওসিকে এফআইয়ার হিসেবে রুজু করে প্রযোজিনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, বুধবার জেলা পরিষদ নির্বাচন চলাকালে সকাল ৯ টায় বালাগঞ্জের ডিএন উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদানের সময় উপজেলা চেয়ারম্যান আবদাল এবং আওয়ামী লীগ নেতা আনহার আচরণবিধি লঙ্ঘন করেন। তাদের সাথে ইউএনও আজহারও যোগ দেন বলে অভিযোগ করা হয়।

এসময় তাদের ভোটকেন্দ্র থেকে চলে যেতে বললে উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া মামলার বাদী ম্যাজিস্ট্যাটকে ঘিরে ধরেন এবং ইউএনও তাঁর সাথে ঔদ্ধতপূর্ণ আচরণ করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় একজন এজেন্ট আমার দিকে হাত বাড়িয়ে দেন। এসময় আমি তার সাথে হাত মেলালে একজন ব্যক্তি আমাকে ধমক দিয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে যেতে বলেন। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি আরো রেগে যান। পরে ইউএনও এবং আওয়ামী লীগ নেতা আনহার এসে আমার পরিচয় দিয়ে বিষয়টি মীমাংসা করতে চাইলে ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দার আরো ক্ষেপে গিয়ে আমাদের তিনজনের সাথেই দুর্ব্যবহার করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, শুনেছি এ ঘটনায় ম্যাজিস্ট্রেট একটি মামলা দায়েরের আাবেদন করেছেন।  প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি ভোট দিয়ে বেরিয়ে আসার সময় দেখতে পাই উপজেলা চেয়ারম্যানের সাথে এক ব্যক্তির কথাকাটাকাটি হচ্ছে। এসময় আমি এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করি। এসময় কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

মামলা দায়েরের কথা শুনেছেন বলে জানান বালাগঞ্জের উপজেলো নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামও। তবে মিটিংয়ে আছেন উল্লেখ করে এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বালাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কমর্কতা তুরিকুল ইসলাম বলেন, আদালত থেকে মামলা সংক্রান্ত একটি কাগজ এসেছে বলে শুনেছি। তবে আমি অন্য একটি কাজে থানার বাইরে এখনো বিস্তারিত জানতে পারিনি।

আপনার মন্তব্য

আলোচিত