সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৪

সিলেটে দুই দিনব্যাপী সার্জারি বিষয়ক জাতীয় সম্মেলন শুরু

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এর উদ্যোগে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী সার্জারি বিষয়ক জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সার্জারি বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মির্জা মাজহারুল ইসলাম।

মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডা. এ জেড এম মোস্তাকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রশিদ এ মাহবুব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ এর কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মির্জা মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব সাধিত হচ্ছে আমাদের যোগ্যতাসম্পন্ন চিকিৎসকদের হাত ধরে। আধুনিক প্রযুক্তির সার্বজনীন ব্যবহারে নিউরো সার্জনরা অপারেশন ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। বাংলাদেশের নিউরো সার্জারি ব্যবস্থায় অগ্রগতির জন্য সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের এ আয়োজন মাইলফলক ভূমিকা পালন করবে।

মাওলানা আলী আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ সিলেটের সভাপতি ডা. ডি হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. টি এ সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনায় নিউরো সার্জারির উপর বক্তব্য রাখেন, প্রফেসর এ কে এম দাউদ, নয়াদিল্লীর মেডিকেল সাইন্স ইন্সটিটিউটের সার্জরীর বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুরাগ শ্রীভাস্তভ, উক্ত সেশনের চেয়ারম্যান ছিলেন এম এ মাজিদ, প্রফেসর সানোয়ার হোসেন, প্রফেসর ডা. রেজাউল করিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত