২৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩০
'গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্য করার ফলে এবার জেলা পরিষদ নির্বাচনে ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের ভরাডুবি হয়েছে। তাঁর প্রতি ক্ষোভের কারণে এবারের নির্বাচনে জনপ্রতিনিধিরা তাকে প্রত্যাখ্যান করে আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করিয়েছে’।
এমনটি দাবি করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে নুরুল হুদা মুকুট তাঁর হাজী পাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন।
বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমনকে পরাজিত করেন বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট।
জয়লাভের পর বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করেন মুকুট। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান বলেন, যারা সংসদে আইন তৈরি করেন তারাই এই নির্বাচনে আইন ভঙ্গ করেছেন। পাঁচ সাংসদই আচরণ বিধি লঙ্ঘন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা যুবলীগের আহবায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহসভাপতি ও ব্যবসায়ী সজীব রঞ্জন দাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানান হয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন জেলা পরিষদের প্রশাসক থাকাকালীন যত দুর্নীতি করেছেন তা যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য