৩০ ডিসেম্বর, ২০১৬ ০১:৫১
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল। জেএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ছিলো ৯৩ দশমিক ৩৭ শতাংশ।
আর প্রাথমিকে সিলেট জেলায় পাসের হার ছিলো ৯৭.৭৭ শতাংশ এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাসের হার ছিলো ৯৪.৩৬ শতাংশ।
দুপুরে ফলাফল প্রকাশের পর নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শিক্ষক-অভিভাবকদের সাথে সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে শিক্ষার্থীরা। নেচে, সেলফি উঠে সাফল্য উদযাপন করছে তারা।
এবার সিলেটে জেএসসিতে এই বোর্ডের অধীনে এবার ১ লাখ ৩০ হাজার ৭০৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১ লাখ ২২ হাজার ৩৪ জন পাস করেছে। চলতি বছর সিলেট বোর্ডে মোট ১০ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
সিলেট বোর্ডের অধীন চার জেলার মধ্যে বরাবরের মত ৯৪ দশমিক ৮১ শতাংশ পাসের হার নিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এছাড়া সুনামগঞ্জের পাসের হার ৯৩ দশমিক শূণ্য ৮, হবিগঞ্জে ৯২ দশমিক ৭৫ এবং মৌলভীবাজারে ৯১ দশমিক ৮ শতাংশ।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলায় মোট ৭৬ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৪ হাজার ৭৮৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাসের হার ৯৪.৩৬। এই পরীক্ষায় ৬হাজার ৫২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৫৩জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন।
আপনার মন্তব্য