৩১ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৩
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি ছাত্রছাত্রীদের দুয়ারে এখন কড়া নাড়ছে নতুন শিক্ষাবর্ষ। আর তাদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রস্তুত রেখেছে প্রায় সাড়ে ৩৩ কোটি পাঠ্যবই।
রোববার (১ল জানুয়ারি) দেশজুড়ে পালিত হবে 'জাতীয় পাঠ্যপুস্তক দিবস ও বই উৎসব'। ঝকঝকে চকচকে নতুন বইয়ের আশায় পাগলপারা হয়ে শিশুরা ছুটবে তাদের বিদ্যালয়ে। নতুন বইয়ের সোঁদা গন্ধে মাতোয়ারা হবে তারা। আনন্দের বন্যা বসবে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে পালিত হবে 'জাতীয় পাঠ্যপুস্তক দিবস ও বই উৎসব'। ওইদিন সকাল ১১ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে তাদের বই নিয়ে হাসিমুখে বাড়িতে ফিরে যাবে।
এ বিষয়ে বানিয়াচং মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা জানান, শিক্ষার্থীদের চাহিদার সব বই উপজেলার সব স্কুলে পৌঁছে গেছে। তিনি আরও জানান, প্রচণ্ড শীতের তীব্রতা আর কুয়াশাকে উপেক্ষা করে প্রতিদিনই স্কুলগুলোতে ঠেলাগাড়ি বা ভ্যানগাড়ি যোগে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে যাচ্ছে। সুতরাং, পহেলা জানুয়ারি নির্ধারিত দিনে শিশুদের পাঠ্যবই পাওয়া নিয়ে কোন অনিশ্চয়তা বা সংশয় নেই।
বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, আমাদের স্কুলের প্রায় সব শ্রেণির বই পেয়ে গেছি।
আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় জানান, কয়েক শ্রেণির বই বাকি থাকলেও অন্যসব শ্রেণির বই পেয়ে গেছি। বাকি বইগুলো আজকের মধ্যেই পেয়ে যাব।
১ জানুয়ারি সকাল ১১ টায় বানিয়াচং মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে 'জাতীয় পাঠ্যপুস্তক দিবস ও বই উৎসবের' উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমীর হোসেন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও উপজেলা মাধ্যমিক অফিসার কাওছার শোকরানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
উল্লেখ্য, এনটিসিবি’র তথ্য অনুযায়ী ২০১৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি ১ লাখ ২২ হাজার ১৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৭৬১ জন। তাদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে ১০ কোটি ৫২ লাখ কপি। আর মাধ্যমিকের ১ কোটি ৪ লাখ ৬০ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বিনামূল্যের ২৩ কোটি পাঠ্যপুস্তক।
আপনার মন্তব্য