০১ জানুয়ারি, ২০১৭ ১৮:২২
নবীগঞ্জে বিভিন্ন স্কুল প্রাঙ্গণ সকাল থেকে খুদে শিক্ষার্থীদের পাদচারণায় ছিল মুখর। উদ্দেশ্য, নতুন বই পাওয়া। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও ছিল বেশি। খুদে শিক্ষার্থী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরাও পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছেন প্রতিটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার প্রতিটি স্কুলে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিনেই অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিয়ে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিভিন্ন স্কুলে বই বিতরনকালে উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক যুবলীগ নেতা ইউসুফ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, স্বোছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক হবিগঞ্জের বাণীর প্রতিনিধি মামুন আহমেদ প্রমুখ।
বিভিন্ন স্কুলে বই বিতরনকালে প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম, গয়াহরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেনা বেগম, তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা বাণী, জন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শামীম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। নতুনের প্রতি সবারই একটা আগ্রহ ও আনন্দ আছে। বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে হাতে নতুন বই তুলে দিয়ে বর্তমান সরকার নজির স্থাপন করেছেন।
তিনি আরো বলেন, এক সময় বইয়ের জন্য অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করতে পারেনি। কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে বছরের প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের হাতে হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। বর্তমানে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন।
সমগ্র উপজেলা এ বছর প্রাথমিক স্কুলের ৫১ হাজার ২ শত ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ ২৮ হাজার ৩৬টি বই দেওয়া হয়। আর মাধ্যমিক পর্যায়ে ২০টি উচ্চ বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
আপনার মন্তব্য